ইলিশের দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষে আলাদা কদর রয়েছে ইলিশের। এজন্য চাহিদা থাকে তুঙ্গে। নববর্ষ শুরু হতে এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তার আগেই রাজশাহীতে ইলিশ মাছের দাম কেজিতে প্রায় ৪০০ টাকা বেড়েছে।
খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই ইলিশের দাম বেড়েছে। এজন্য বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তবে বেচাকেনাও কম। গতকাল বুধবার নগরীর সাহেববাজার, নিউমার্কেট, শালবাগান বাজার, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগের তুলনায় ইলিশের দাম কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।
ছোট আকারের ৪০০ গ্রাম ওজনের ইলিশ সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ১১০০ থেকে ১২০০ টাকায়। সেই মাছ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০০ থেকে ১৬০০ টাকায়। একটু বড় ৬০০ গ্রাম ওজনের মাছের দাম উঠেছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। আর বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৬০০ টাকা কেজি।
ক্রেতারা বলছেন, ইলিশ এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ‘প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। তাদের কাছ থেকে ইলিশ কেনা খুব কঠিন। সাধারণ মানুষ ইলিশ কিনতে পারছে না।
সাহেব বাজারের ক্রেতা আবেদ আলী বলেন, ‘অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যেগুলো এক হাজার টাকায় বিক্রি হতো, এখন সেগুলো ১৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ এলেই চাহিদা বাড়ে। তাই দামও বাড়ে। তবে এত বেশি আগে বাড়েনি।’ দাম বাড়তির কারণে মাছের বিক্রিও কমেছে।’











