শ্রী রামচন্দ্রের জন্মোৎসবে ভক্তদের সঙ্গে রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রাজশাহীতে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার দুপুর ২টায় নগরের পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত এ পূজায় তিনি উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরে তিনি মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, এই দেশ সকলের। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল মতভেদ ভুলে একসঙ্গে কাজ করলে রাজশাহীকে আরও সুন্দর ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম ধরে রাখতে নগরবাসীকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কর্মসূচির শুরুতে মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে, সদস্য প্রশান্ত কুমার সাহা, রঞ্জন কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ।











