ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:১৯ পূর্বাহ্ন

তানোরে তুলার গুদাম ও বাগমারায় গোয়ালঘরে আগুন, ক্ষয়ক্ষতি অনেক

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:22 am

তানোর ও বাগমারা প্রতিনিধি: রাজশাহীর তানোরে চাতালের আড়ালে অবৈধ তুলার গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে পৌর সদরের জিওল মোড়ে অবস্থিত গণির চাতালের ভিতরে তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।

প্রায় এক ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়। গুদামে শ্রমিকরা কাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, বাগমারায় মিলন নামের এক তরুণের গোয়ালঘরে আগুনে একমাত্র সম্বল দুই গরুসহ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। মিলনের বাড়ি রাজশাহীর বাগমারার সোনাডাঙা ইউনিয়নের জামালপুর গ্রামে। পেশায় একজন কৃষক। গত রোববার দিবাগত রাতে কয়েলের আগুনে গোয়ালঘরে থাকা গরু দুটি পুড়ে মারা যায়।

তানোর প্রতিনিধি জানান, গতকাল সোমবার সকাল প্রায় ১১টার দিকে তুলার গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও শ্রমিকরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামে থাকা তুলাসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, শ্রমিকরা তুলার গুদামে কাজ করেন এবং সেখানেই থাকেন। ধারণা করা হচ্ছে, সিগারেট বা তুলার গুদামের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মালিক আব্দুল গণিকে ঘটনাস্থলে না পেয়ে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সরেজমিনে দেখা যায়, পৌর সদরের আমশো মেডিকেল মোড়ের দক্ষিণে ও জিওল মোড়ের উত্তরে অবস্থিত গণির চাতাল। চাতালের পূর্ব দিকে মূল সড়ক, দক্ষিণে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা, আর উত্তরে বাঁশঝাড় ও স্যানিটেশন কারখানা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রবকে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তিনি শহরে আছেন। আগেও কয়েকবার আগুনের বিষয়ে তথ্য চাইলে তিনি একই উত্তর দেন। তিনি সাব-স্টেশন অফিসার রফিকুলের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

সাব-স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, তুলার গুদামের মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। চাতাল তুলার গুদাম কিভাবে হল এবং ফায়ার সার্ভিসের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, চাতালের পূর্ব দিকে তুলার গুদাম রয়েছে; অনুমতি আছে কিনা কাগজপত্র দেখে নিশ্চিত হতে হবে।

ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, এখনো তা নির্ধারণ করা যায়নি; পরে জানানো হবে। তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, বাগমারা প্রতিনিধিকে মিলন হোসেন জানান, গত রোববার সন্ধায় গোয়লঘরে গরু রেখে ঘুমাতে যান। মশার কামড় থেকে রক্ষার জন্য গোয়ালঘরে কয়েল জ্বেলে রাখেন। রাত দেড়টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন গোটা গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ও তাপে ঘুম ভেঙে যায়।

এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন আশপাশের বাড়িঘরের দিকে যেতে থাকলে মসজিদের মাইকে প্রচার করে লোকজনকে জড়ো করা হয়। বাড়ি থেকে বালতি ও পাতিলে করে পানি নিয়ে লোকজন গোয়ালঘরের দিকে ছুটে।

চেষ্টা চালিয়ে আশপাশের বাড়িঘরগুলোকে আগুনের কবল থেকে রক্ষা করা গেলেও গোয়ালঘরে থাকা গরু দুইটি মরে যায়। ঋণ করে গরু কিনে পালন করছিলেন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিষয়টি দু:খজনক। আবেদন করলে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।