ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম

লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে গতকাল রোববার কাটাখালিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকায় অবস্থিত মেসার্স আলিফ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স সুমি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।