ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১৪ পূর্বাহ্ন

পুঠিয়ায় শিব চৌকি থেকে নিখোঁজ থাকা ভ্যানচালকের লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:22 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় শিব চৌকি থেকে ভ্যানচালক মকবুল হোসেন হাজাম (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি বারইপাড়া এলাকার কলোনীপাড়ায়। গত বৃহস্পতিবার থেকে ধরে নিখোঁজ ছিলেন মৃত ব্যক্তি।

গত শনিবার রাত পৌণে ১২টার দিকে পুঠিয়া রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিবচৌকি নামের বড় একটি পুকুর থেকে মকবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। মাছ চাষী সাকিব ও পুকুর পাহারাদার মোস্তফা লাশটি ভেসে থাকতে দেখে পুঠিয়া থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের কর্মীরা লাশ উদ্ধার করে। উল্লেখ্য পুঠিয়া থানা থেকে শিব চৌকির দূরত্ব মাত্র ১০০ গজ। মকবুল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে সে। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তাকে পায় নি। তার চোখ মুখ পেটসহ শরীরের বিভিন্ন অংশ পুকুরের মাছ খেয়ে ফেলেছে বলে তারা জানায়।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান রাত বারোটার দিকে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার শরীরের সামনের দিকের অনেক অংশ মাছে খেয়ে ফেলেছে। তাকে হত্যা করে কেউ ফেলে রেখেছে কিনা বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের পর সবকিছু বোঝা যাবে।