ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:০২ অপরাহ্ন

বাগমারা ও নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • আপডেট: Sunday, November 29, 2026 - 9:59 pm

সোনালী ডেস্ক: রাজশাহীর বাগমারা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা ও মসুর ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন ও তমালিকা প্রামানিক। অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, পর্যায়ক্রমে উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ১৩ হাজার ২০০ কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে।

এদিকে নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম ও বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৯ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সল নাহিদ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস