ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

প্রতিহিংসা নয়, সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি মিলন

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: প্রতিহিংসা, বিভেদ কিংবা সংঘাতের রাজনীতি নয়; পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে পবা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

রোববার পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার ডিলারদের উদ্দেশে তিনি বলেন, সার বিতরণের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কৃষক হয়রানি করা যাবে না। প্রকৃত কৃষক যেন সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে এমপি মিলন বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে। প্রকৃত কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেয়া গেলে কৃষি খাতের বিভিন্ন সমস্যা ও জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সরকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।