ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

নলডাঙ্গায় তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:04 pm

নাটোর প্রতিনিধি: রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন উপলক্ষ্যে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। নাটোর জেলা তথ্য অফিসার আ. আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১  সাজেদুর রহমান ও ইউপি সদস্য ইকবাল হোসেন।

সমাবেশে বক্তারা সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে নারীদের অবহিত করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা মোবাইল ফোনের সঠিক ও নিরাপদ ব্যবহার, বৃক্ষরোপণ, হাম প্রতিরোধ, নির্ধারিত সময়ে নির্ভুল তথ্য দিয়ে জন্মনিবন্ধন, লিগ্যাল এইড, গ্রাম আদালত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবার ও সমাজের উন্নয়নে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের নারী সমাবেশ আয়োজন করা প্রয়োজন।

সমাবেশের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ওপর জনসচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে উপস্থিত নারীরা সরকারের বিভিন্ন কর্মসূচি এবং জনসচেতনতামূলক বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।