ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

বিল পরিশোধের সময় শেষ হবার আগেই সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: বিল পরিশোধের মেয়াদ শেষ হওয়ার আগেই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির অর্ন্তভূক্ত মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার গ্রামে।

জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের বসন্তকেদার গ্রামের আন্জুয়ারা বেগমের বাড়িতে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সংযোগ রয়েছে। প্রতিষ্ঠান থেকে তার হিসাব নম্বরে বিদ্যুৎ বিল পাঠানো হয়। এতে বিল পরিশোধের শেষ তারিখ থাকে ২৭ নভেম্বর ২০২৬ইং। গ্রাহক গত ২২ নভেম্বর নওহাটার এক মোবাইল রিচার্জ দোকান থেকে রকেট একাউন্টে তার বিদ্যুৎ বিল এক হাজার আটশত ৯২ টাকা পরিশোধ করেন।

বিল পরিশোধের কনফার্মেশন মেসেজ বা টোকেনও চলে আসে। কিন্তু রটেকের ত্রুটির কারণে সেই টাকা পরিশোধ হয়নি। এব্যাপারে রকেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি দেখার আশ্বাস দেন। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহীকে মৌখিকভাবে জানানো হয়। তারাও বিষয়টি দেখার আশ্বাস দেন। বিষয়টি দেখভালের জন্য পল্লী বিদ্যুতের রনজু নামের কর্মচারি এগিয়ে আসেন বলে ভুক্তভোগী জানান।

পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান রনজু গত ২৫ নভেম্বর ২০২৬ইং তারিখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এতে গ্রাহক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। অথচ বিল পরিশোধের সময় ছিল ২৭ নভেম্বর ২০২৬ইং। পরে নির্ধারিত ফি দিয়ে বিদ্যুতের সংযোগ নেন তিনি।

ভুক্তভোগী আনজুয়ারা বেগমে বলেন, ‘রন্জু নামের ওই কর্মচারী আমার সাথে প্রতারণা করেছেন। পাশাপাশি তিনি লাইন কাটতে হলে নতুন বিলের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এছাড়াও রঞ্জুর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে শাস্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন’।

এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে কর্মচারি রঞ্জু বলেন, ‘আমি সংযোগ বিচ্ছিন্ন করি নাই এবং আমার ওই গ্রামে কাজ ছিল না। আমি পাঁচদিন থেকে পারিলা এলাকায় কাজ করছি’। তবে ওই গ্রাহককে চিনি বলে জানান।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) সাব্বির আহমেদ বলেন, ‘ গ্রাহকের দুই-তিন মাসের বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করার বিধান আছে। তবে আমরা চেষ্টা করি বিদ্যুৎ না কাটতে। আসলে প্রতিটি বিদ্যুৎ বিল দেওয়ার যে সময় নির্ধারিত থাকে সেটা শুধু ওই মাসের জন্য শেষ সময়। পূর্বের মাসের জন্য নয়। তিনি বলেন, ভুক্তভোগির সমস্যার বিষয়টি তিনি জানেন না। তবে তিনি খোঁজ নিয়ে কার্যকরি পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।