জয় বাংলা’ স্লোগানের অভিযোগে কারাগারে দুই জুলাই যোদ্ধা
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। আন্দোলনের সময় তাঁদের অংশগ্রহণের একটি ছবিও পাওয়া গেছে।
ছবিতে দেখা যায়, ‘দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন ওই দুই যুবক। তাঁদের পরিবারের দাবি, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ছবিটি তোলা হয়েছিল।
গ্রেপ্তার দুজন হলেন- শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকেন।
গত শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর ঘটনায় সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার যুবক গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলের দুই আরোহী থানার সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। সেখান থেকে তাঁদের আটক করা হয়।
গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আনাস বিন আবুল কাশেম বলেন, জুলাই আন্দোলনের সময় সে আমার সহযোদ্ধা ছিল। আন্দোলনে সে আমার সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান বলেন, ‘শাহামাত ও সাইফ জুলাইয়ের আন্দোলনে ছিল। গোদাগাড়ী থেকে আমাদের আরেকজন জুলাই যোদ্ধা আমাকে ফোন করে এ কথা বলেছেন। তবে ঘটনার বিষয়ে আমি বিস্তারিত জানি না। খোঁজ নিচ্ছি।
অভিযোগের বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা বলেন, ‘তারা জুলাইয়ের আন্দোলনে ছিল কি না, সেটি আমার জানা নেই। তারা দুটি মোটরসাইকেলে চারজন স্লোগান দিতে দিতে যাচ্ছিল। দুজন পালিয়ে যায়, দুজনকে আমরা আটক করি। আমাদের কোনো ভুল হয়নি।










