মোহনপুরের সকল ইউনিয়নে বিএনপির একক প্রার্থী দেবার ঘোষণা
মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা সকল ইউনিয়নে একক প্রার্থী দেবার ঘোষণা দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এসময় তিনি বলেন, আগামী বছরের ২২ জানুয়ারি দেশের বিভিন্ন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্যান্য উপজেলার ন্যায় রাজশাহীর মোহনপুর উপজেলার মোট ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই সবাইকে কাজ করতে হবে। এর ব্যত্যয় কোন ভাবে মেনে নেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের দোসররা বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস করছে। এছাড়াও ককটেল ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো আর কোন ভাবেই সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
তিনি আরো বলেন, দেশের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে আন্দোলনের নামে অরাজকতা করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ঐ দলের অতিতের কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরেন তিনি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘা-চারঘাট এর সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মোহনপুর হবে মডেল একটি উপজেলা। রাজশাহীর মধ্যে মোহনপুর হচ্ছে একটি স্মার্ট উপজেলা। এই উপজেলা সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে একক প্রার্থী দেয়ার কথা বলেন। আর এই প্রার্থীর হয়ে সকলকে কাজ করার আহ্বান জানান চাঁদ। সেইসাথে আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তা আইনী প্রক্রিয়ার প্রতিহত করার হুঁশিয়ারী দেন তিনি।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। সভা শেষে ছয় ইউনিয়নের বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিকট হতে বায়োডাটা গ্রহণ করা হয়। মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, রুকনুজ্জামান আলম, রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, আবু হেনা কামরুজ্জামান, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আক্তার শামসুজ্জোহা, বিএনপি নেতা নাজমুল হক।
মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, জেলা জিয়া পরিষদের সভাপতি নেছার আলী তালুকদার, মোহনপুর উপজেলা যুবদল নেতা মীর্জা শওকত, সদস্য সচিব সাদ্দাম হোসেন, মোহনপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোসুমি, মোহনপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব মাহমুদুল হাসান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উপস্থিত নেতৃবৃন্দ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার হয়েই কাজ করার আহ্বান জানান তারা। এর ব্যতিক্রম হলে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন বলে জানান তারা।










