আজহারীর মাহফিলকে ঘিরে পকেটমারের প্রস্তুতিকালে ৬৫ নারী আটক
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারের প্রস্তুতিকালে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন। মাহফিলে আগত মানুষের পকেট মারার উদ্দেশ্যেই তাঁরা সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসির মাহফিল শুরু হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।










