বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি দিন। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দিবসগুলোর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, আরএমপির উপ-পুলিশ কমিশনার আবুল কালাম সাহিদসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
সোনালী/জগদীশ রবিদাস











