রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডলসহ ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি বাঁশবাগান এলাকায় অভিযান চালায় সোনাইকান্দি বিওপির একটি টহল দল। জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে রাত ১০টার দিকে কাটাখালী থানার পূর্বপাড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেন খানপুর বিওপির সদস্যরা।
জব্দকৃত ট্যাবলেট দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।











