ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

রাজশাহীতে লটারিতে দায়িত্ব পেলেন ৯ খাদ্য কর্মকর্তা

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:46 pm

স্টাফ রিপোর্টার: সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে তদবির ও বদলি-বাণিজ্য ঠেকাতে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচনের নতুন পদ্ধতি চালু করেছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এর আওতায় গত বুধবার রাজশাহী অঞ্চলের বিভিন্ন খাদ্যগুদামে নয়জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রোকন আলীকে নাটোরের গোপালপুর, হাসান মনসুর সোহাগকে বাগাতিপাড়ার মালঞ্চি, কামরুল হাসানকে পোরশার নীতপুর, এস এম মিজানুর রহমানকে নওগাঁর আত্রাই এবং শামিরুল ইসলামকে মহাদেবপুরের মহিষবাথান খাদ্যগুদামে পদায়ন করা হয়েছে। এছাড়া পলাশ কুমার সূত্রধর বগুড়ার ধুনট, মোহাম্মদ ইলিয়াছ হোসেন পাবনার ফরিদপুর, মোয়াজ্জেম হোসেন চাটমোহর এবং শুকলা খানম রাজশাহীর তানোরের কামারগাঁ খাদ্যগুদামে দায়িত্ব পেয়েছেন।

বদলি হওয়া কর্মকর্তা রোকন আলী ও এস এম মিজানুর রহমান জানান, তদবির ও সুপারিশ ছাড়া লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে এবং যোগ্যদের সমান সুযোগ তৈরি হয়েছে। এর আগে গত ১ নভেম্বর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি খাদ্যগুদামে একই পদ্ধতিতে কর্মকর্তা নির্বাচন করা হয়।

রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের নিয়ে মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। তদবির করতে না পেরে একটি মহল চাপ সৃষ্টি করলেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সারা দেশে তা চালুর প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।