ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

রাসিকে নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থী ঘোষণা এনসিপির

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর অংশ হিসেবে নগরের সংরক্ষিত ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে সৈয়দা জাহানারা রুবির নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলার মোড়ে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন মহানগর এনসিপির আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী। সভায় বক্তারা সিটি নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন।

তাঁরা বলেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও নাগরিক প্রত্যাশা চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তা সমাধানে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, মহানগর সদস্যসচিব ও গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুর রহমান, জাতীয় যুব শক্তির সহসাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হযরত আনাস এবং রাজপাড়া থানা আহ্বায়ক বিলকিস আক্তার। এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক তাহাজ্জুদ হোসেন, আরিফুল ইসলাম, মোতালেব হোসেন, শুয়াইব আহমেদসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।