ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

রাজশাহীতে বনায়ন কর্মসূচি: গাছের ৫০ শতাংশ আয় পাবেন গ্রাম পুলিশ

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: গ্রামীণ সড়কে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রাম পুলিশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি’। এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে মোট ১৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। রোপণ করা গাছের পরিচর্যার দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা গাছ থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ পাবেন এবং বাকি ৫০ শতাংশ ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে জমা হবে।

রোববার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। আলোচনা সভা শেষে তিনি হড়গ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমপি শফিকুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে একটি সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ নির্ধারণ এবং গ্রাম পুলিশ সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবা উপজেলার আটটি ইউনিয়নে দুই হাজার করে মোট ১৬ হাজার গাছ লাগানো হবে। এসব গাছের একটি অংশের রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন গ্রাম পুলিশ সদস্যরা এবং বাকি অংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রোপণ করা হবে। এর মাধ্যমে গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি ও তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের বিভিন্ন জনমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, তার অংশ হিসেবে বৃক্ষরোপণের পাশাপাশি হুইলচেয়ার, সেলাই মেশিন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং বয়স্ক, বিধবা ও অসচ্ছল ব্যক্তিদের ভাতা প্রদানের মতো সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন। তিনি বলেন, শুধু গাছ রোপণ করলেই চলবে না, সেগুলোর সঠিক সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় মেহগনি ও নিমসহ বিভিন্ন কাঠজাতীয় গাছ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি স্বল্পমেয়াদে আয়ের সুযোগ তৈরিতে খেজুরগাছ রোপণেরও পরিকল্পনা রয়েছে, যা বড় হলে রস ও গুড় উৎপাদনের মৌসুমে ইজারা দিয়ে রাজস্ব আয় করা সম্ভব হবে। সরকারের পাঁচ বছরের বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে পবায় এক বছরের মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণের আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর মেয়র শেখ মুকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও উপকারভোগীরা।

সোনালী/জগদীশ রবিদাস