রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫
স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পৃথক অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং পরদিন গত শনিবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কিসমতগণকৈড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দুলাল হোসেন (৪০), জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন (৬৩), পশ্চিম সিংগা গ্রামের হায়দার আলী (৫০) ও জোসনা খাতুন (২৬) এবং পবা উপজেলার তালগাছী উত্তরপাড়া গ্রামের তুহিন উদ্দিন (২২)।
পুলিশ জানায়, দুর্গাপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে দুলাল হোসেন ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় আটক হন হায়দার আলী ও জোসনা খাতুন। আর নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ৮০/২৬-এর ৫০৬ ধারার মামলায় তুহিন উদ্দিনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, পৃথক অভিযানে বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।











