ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট: Sunday, November 22, 2026 - 10:54 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার ৬ নম্বর হরিয়ান ইউনিয়নে আলোচনা সভা, বিশেষ দোয়া মাহফিল ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় হরিয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজস্ব চেম্বারে এ কর্মসূচির আয়োজন করেন আসন্ন হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির ত্যাগী-নির্যাতিত কর্মী সালাউদ্দীন মাসুদ (রানা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাদেক আলী শাহ। এতে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনছার আলী, সাবেক ইউপি সদস্য আক্কাস আলী, সাবেক হরিয়ান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপি নেতা শাজাহান, মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ইদ্রীস আলী (ইদু), মনিরুল ইসলাম (দুলাল) ও শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জন্মদিনে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড তৃণমূলের নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে।

আয়োজক সালাউদ্দীন মাসুদ (রানা) বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক জাঁকজমক না করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের জন্য কিছু করাও এক ধরনের ইবাদত। তিনি সব সময় হরিয়ান ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। পরে উপস্থিত অসহায় ও দরিদ্র মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।