ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে নগরীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে শ্রমজীবী ও কৃষক

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজশাহী মহানগরীসহ পুরো জেলায় দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনজুড়ে হওয়া এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়ার পাশাপাশি দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটে।

ছুটির দিনে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছিলেন, তাঁদের ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। অসময়ের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর, শ্রমজীবী মানুষ ও মাঠের কৃষকেরা। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় নর্দমার কাদা রাস্তা পাশে স্তুপ রাখা হয়। যা বৃষ্টির কারনে রাস্তায় ছড়িয়ে পড়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। এতে রাস্তায় যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল অনেক কম। নগরীর সাহেববাজার এলাকায় রিকশাচালক মুরসালিন বলেন, সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঠান্ডা বাতাস। ছুটির দিন ভেবেছিলাম একটু বেশি ভাড়া পাব, কিন্তু মানুষজন তেমন বের হচ্ছে না। যারা জরুরি কাজে বের হচ্ছেন, তাঁরাও বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। আয়ের ওপর বড় ধাক্কা পড়েছে। একই ধরনের দুর্ভোগের কথা জানান খড়বনা এলাকার নির্মাণশ্রমিক জামাল উদ্দীন।

তিনি বলেন, বৃষ্টি শুরু হওয়ায় গতকাল কাজ বন্ধ রাখতে হয়েছে। এক দিন কাজ না করলে সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। ঘরে বসে থাকতে হচ্ছে, আর বৃষ্টিতে ভিজে ঠান্ডাও লেগে যাচ্ছে। বৃষ্টির প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। ক্ষুদ্র ব্যবসায়ী হাসমত আলী বলেন, শুক্রবার এমনিতেই বাজার-ঘাটে ভিড় থাকে, কিন্তু আজ সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ক্রেতা খুব কম। দোকানের সামনে পানি জমে যাওয়ায় এবং কাদা-পানির ভয়ে মানুষজন দ্রুত বাড়ি ফিরে যাচ্ছে।

এদিকে, বর্তমানে অগ্রহায়ণ মাসের ৭ দিন চলছে। রাজশাহীর বিভিন্ন উপজেলার মাঠজুড়ে এখন সোনালি আমন ধান পেকে আছে। অনেক কৃষক এরই মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু করেছেন, অনেকে আবার ধান কেটে শুকানোর জন্য মাঠেই রেখে দিয়েছেন। অসময়ের এই বৃষ্টিতে পাকা ধান ও শীতকালীন সবজির জমিতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। মোহনপুর উপজেলার কৃষক সোহেল হোসেন জানান, ধান কাটার মাত্র এক দিন পরই এমন বৈরী আবহাওয়া শুরু হওয়ায় তাঁর পাকা ধান এখন পানিতে ভিজছে। তানোর এলাকার কৃষক বাদল প্রামাণিক বলেন, শেষ সময়ে এসে এই বৃষ্টি আমাদের ভয় ধরিয়ে দিয়েছে। অনেক কৃষক ইতিমধ্যে ধান কেটে মাঠে রেখেছিলেন, কিন্তু বৃষ্টির কারণে সেগুলো শুকানো সম্ভব হচ্ছে না। এতে ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস:

আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকালে ভারতের ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড় ‘আকভান’ স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ওড়িশা অঞ্চল থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগসহ দেশের মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, আজ শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে, তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। আগামীকাল রোববার দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত আকাশ কিছুটা মেঘলা থাকলেও বুধবার থেকে মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটি জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর নাগাদ এই বৃষ্টিবলয় অনেকটাই দুর্বল হয়ে পড়বে এবং ২৪ নভেম্বর নাগাদ সারা দেশ থেকেই বিদায় নেবে। আকাশ পরিষ্কার হওয়ার পর থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের অনুভূতি বাড়বে।

সোনালী/জগদীশ রবিদাস