ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

বাঘায় অর্ধশত নারী নিয়ে রংসুতোয় স্বপ্ন বুনছেন আফরোজা বেগম

  • আপডেট: Friday, November 20, 2026 - 10:07 pm

লালন উদ্দীন, বাঘা থেকে: রাজশাহীর বাঘায় অর্ধশত নারী নিয়ে রংসুতোয় স্বপ্ন বোনতে শুরু করেছেন আফরোজা বেগম। উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্রামে গড়ে তুলেছেন স্বপ্নের রংসুতো নামে এক প্রতিষ্ঠান।

জানা গেছে, উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্রামের নারীরা হাতের সুঁই সুতো দিয়ে তৈরি করছেন নানা ধরনের নকশাদার ও সৌখিন পণ্য। সুঁই-সুতার নিপুণ কাজে প্রতিটি পণ্যে ফুটে উঠছে তাঁদের নিজস্ব ভাবনা ও সৃজনশীলতা। এসব কাজের মধ্যদিয়ে তাঁরা যেমন নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পাচ্ছেন, তেমনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার পথও খুঁজে পাচ্ছেন।

এখানে তৈরী হচ্ছে নিজস্ব কারিগর দ্বারা ওয়ান-পিস, টু-পিস, থ্রী পিচ, হরেক রকম ছোট-বড় ফর্গ, বিভিন্ন সাইজের কামিজ, পাঞ্জাবী, ওড়না, ফতুয়া, শাড়ি, ব্লাউজ ও মেয়েদের শীতকালিন নানা রকম ডিজাইনের চাঁদর। মজার ব্যাপার হলো, সব কিছুতেই থাকছে স্বপ্নের রংসুতো দিয়ে করা হাতের কারু কাজ।“স্বপ্নের রংসুতো” সংশ্লিষ্ট নারীদের কাছে শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি নিজেদের সামর্থ্য প্রমাণেরও একটি জায়গা। সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি কাজের সুযোগ তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করছে। নিজের উপার্জনে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তাঁরা ।

তবে এ ধরনের উদ্যোগ এগিয়ে নেওয়ার পথে রয়েছে নানা প্রতিবন্ধকতা। পণ্যের কাঁচামাল সংগ্রহ, উৎপাদন ব্যয়, উপযুক্ত বাজার তৈরি এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা, এসব বিষয় উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি হাতে তৈরি পণ্যের বাজার সম্প্রসারণ ও ক্রেতাদের কাছে এর পরিচিতি বাড়ানোও জরুরি হয়ে পড়েছে।

উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্রামের আফরোজা বেগম বলেন, যথাযথ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ‘স্বপ্নের রংসুতো আরও বড় পরিসরে কাজ করতে পারব। এতে উপজেলার আরও অনেক নারী কাজের সুযোগ পাবেন। স্থানীয় নারীদের দক্ষতাকে কাজে লাগিয়ে দেশীয় হস্তশিল্পের বাজারেও নতুন সম্ভাবনা তৈরি হবে। গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে এমন ক্ষুদ্র উদ্যোগের গুরুত্ব রয়েছে।

প্রয়োজন প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন, পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাত করণের সুযোগ। এসব সহায়তা নিশ্চিত করা গেলে ‘স্বপ্নের রংসূতোর মতো উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। নারীদের এই পথচলা কেবল সুই-সুতায় নকশা তৈরির গল্প নয়, এটি আত্মবিশ্বাস, শ্রম ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বাস্তবায়নের গল্প। তাঁদের হাতে বোনা প্রতিটি নকশার সঙ্গে যেন জড়িয়ে আছে নতুন জীবনের প্রত্যাশার গল্প। আমি সেই লক্ষ নিয়ে এগিয়ে যাচ্ছি । আমার দ্বারা গ্রামের অন্য নারীরা উপকৃত হচ্ছেন, এটাই আমার প্রকৃত অনুভতি ও আনন্দ।