ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

মান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

  • আপডেট: Sunday, November 15, 2026 - 10:10 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মৎস্য অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় থাকা সরকারি সংরক্ষিত পুকুর থেকে সাড়ে ৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।

গত শনিবার দুপুরে একদল ব্যক্তি বেড়জাল দিয়ে পুকুরে মাছ ধরে নিয়ে যান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মান্দা বিলে কার্যক্রম চলছে। প্রকল্পের অধীনে থাকা সরকারি সংরক্ষিত পুকুরে শনিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিরা দলবদ্ধভাবে প্রবেশ করেন। এ সময় তাঁরা বেড়জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান। লুট হওয়া মাছের আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

মান্দা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অভিযোগকারী এনামুল হক বলেন, অভিযুক্ত ব্যক্তিরা বেড়জাল নিয়ে অবৈধভাবে সংরক্ষিত পুকুরে প্রবেশ করেন। এ সময় পুকুরের পাহারাদার মহিদুল ইসলামকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। পরে তাঁরা পুকুরের মাছ ধরে নিয়ে যান। ঘটনায় রমজান আলী, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ উদ্দিসহ ১৮জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, সরকারি সংরক্ষিত পুকুর থেকে মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।