রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোকোলজি সম্মেলনে ১৯ গুণীজনকে সম্মাননা
স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামের ঐতিহ্যবাহী প্রায় ৫০০ বছর বয়সী বটবৃক্ষের ছায়াতলে অনুষ্ঠিত হয়েছে ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ২০২৬’।
গত বৃহস্পতিবার বারসিক, বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় জাতীয় কৃষিনীতিতে এগ্রোইকোলজিকে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। সম্মেলনে পরিবেশ সুরক্ষা ও পরিবেশবান্ধব কৃষিচর্চায় অবদানের জন্য ১৫টি ক্যাটাগরিতে সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ১৯ জনকে সম্মাননা দেয়া হয়।
এর মধ্যে ‘দ্যা বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে স্বচ্ছলতা অ্যাসোসিয়েশন, ‘গ্রিন মুভমেন্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড’ বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান, ‘এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ সাধারণ সম্পাদক পলি রানী, ‘গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা নাহিদুজ জামান, ‘গ্রিন অর্গানাইজার অ্যাওয়ার্ড’ হাসিবুল হাসনাত বিজভী এবং ‘গ্রিন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম।
এ ছাড়া ‘অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স, ‘কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রম, ‘এডুকেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগঠন ছোট্ট স্বপ্ন, ‘এগ্রোইকোলজি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ মোহনপুরের হরিহরপুর আদর্শ যুব ক্লাবের সভাপতি আজিদ সরকার এবং ‘উইমেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডী।
‘এগ্রোইকোলজি প্রাকটিশনার অ্যাওয়ার্ড’ যৌথভাবে পেয়েছেন চার যুব কৃষক-কৃষাণী—পবার বড়গাছির মো. রিদয় আলী, তানোরের ময়েনপুরের মৌসুমী বেগম, পবার দর্শনপাড়ার মো. সাজেমান হোসেন ও তানোরের মোহরের ইকবাল হোসেন। ‘বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যাওয়ার্ড’ যৌথভাবে পেয়েছেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার দম্পতি ইমরুল কায়েস ও ইভা মনি। ‘গ্রিন সোশ্যাল ইনিশিয়েটিভস অ্যাওয়ার্ড’ পেয়েছেন তানোরের নাহিদ মাহমুদ এবং ‘গ্রিন অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড’ পেয়েছে বিডি ক্লিন, রাজশাহী।
সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া, গ্রিন কোয়ালিশন পবা উপজেলার সভাপতি রহিমা খাতুন, ঐতিহ্যবাহী বটগাছটির সুরক্ষাকারী আলহাজ মো. আলী আফজাল খাঁ ও আলহাজ মো. আব্দুল লতিফ, গবেষক শহিদুল ইসলাম এবং নূর ধানের উদ্ভাবক কৃষক নূর মোহাম্মদসহ অন্যরা উপস্থিত ছিলেন।











