মোহনপুর থানার ওসিকে হুমকির অডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার রাত থেকে ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে, যা ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে। আপনি নতুন এসেছেন, অতিথি হিসেবে সম্মান করতে চাই। এসব বিষয় নিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে অযথা হয়রানি করবেন না।’
জবাবে ওসি আতিকুর রহমান বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’
কথোপকথনের একপর্যায়ে ওই নেতা পুলিশের নিরাপত্তা ও বিগত সময়ের প্রসঙ্গ টেনে আবারও সতর্কবার্তা দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। বিভিন্ন স্থানে পুলিশ কর্মকর্তাদের ফোন করে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার (এসপি) ছুটিতে আছেন; তিনি ফিরলে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনালী/জগদীশ রবিদাস











