মান্দায় দুই কিমি: সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক দুটি পাকাকরণ করা হচ্ছে।
এর মধ্যে জামতলী মোড় থেকে সদরুল মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং খয়বর চেয়ারম্যানের মোড় থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়ক রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, বিএনপি নেতা নূরবক্স মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদল নেতা আব্দুল মালেক, তালহা যুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এলাকার মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নে পর্যায়ক্রমে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।











