বাগমারায় প্রাণনাশের হুমকি আপন ভাইয়ের বিরুদ্ধে জিডি
বাগমারা প্রতিনিধি: বাগমারায় বাবার ওয়ারিশন সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত ও প্রাণনাশের হুমকির অভিযোগে শুক্রবার থানায় আপন পাঁচ ভাইয়ের বিরুদ্ধে জিডি করেছেন ছোট ভাই।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে। পৃথকভাবে জিডি ও অভিযোগটি করেছেন নরদাশ ইউনিয়নের বেনিপুর গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে দিনমজুর মুনসুর রহমান। জিডি ও অভিযোগ পত্র তিনি উল্লেখ করেন, জীবিকার তাগিদে তিনি প্রায় ১৫ বছর ধরে গ্রামের বাইরে অবস্থান করেন।
এই সুযোগে তার আপন পাঁচ ভাই— মমতাজ উদ্দিন, তোতা মিয়া, মোসলেম উদ্দিন, মকসেদ আলী ও মকবুল হোসেন তাদের বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তিনি গ্রামে ফিরে এসে বাবার ওয়ারিশ সূত্রে তার প্রাপ্য অংশের ভাগ চাইলে তার ভাইয়েরা তাকে প্রাণনাশের হুমকি দেন। আপন পাঁচ ভাইয়ের অব্যাহত হুমকির কারণে বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ও থানার ওসি তৌহিদুল ইসলাম।











