ঢাকা | নভেম্বর ১৩, ২০২৬ - ১০:২৭ অপরাহ্ন

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজশাহী সুগার মিল: এমপি মিলন

  • আপডেট: Friday, November 13, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাজশাহী সুগার মিল। এই চিনিকলকে লাভজনক ও টেকসই করতে আখের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কারখানার কারিগরি দক্ষতা নিশ্চিত করতে হবে। কৃষক, শ্রমিক ও চিনিকলের স্বার্থ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার বিকেলে রাজশাহী সুগার মিলের ২০২৬-২৭ অর্থবছরের ৬২তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উৎসবমুখর পরিবেশে রাচিক কেইন কেরিয়ার প্রাঙ্গণে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন এমপি মিলন। চলতি মৌসুমে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

প্রধান অতিথির বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের নেতারা জীবন বাঁচাতে কাঁটাতারের বেড়া পার হয়ে বিমানে করে দেশত্যাগ করেছেন। তারা এখন দেশে আসতে ভয় পান। তাই দূর থেকে আওয়ামী লীগ নেতা নানকসহ অন্য নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে হুমকি-ধামকি দিচ্ছেন। তিনি আরও বলেন, বিগত সরকার দেশে খুন, গুম ও লুটপাট চালিয়েছিল। পুরো দেশকে তারা ‘আয়নাঘর’-এর মতো ভীতিকর পরিবেশে পরিণত করেছিল। কিন্তু দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই স্বৈরাচারী শাসককে পালাতে বাধ্য করেছে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনা স্মরণ করে এর তীব্র নিন্দা জানান এমপি মিলন। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম ও খুনের শিকার অসংখ্য মানুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শেষ কাতারের সৈনিক’ হিসেবে নিজেদের উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নির্দেশে কাজ করি। আমরা কোনো জেল-জুলুম, ফাঁসি বা মৃত্যুকে ভয় পাই না।’ আসন্ন ডিসেম্বর মাসকে বিজয়ের মাস উল্লেখ করে এমপি মিলন দেশের মানুষকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার এবং বিজয় উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর নির্বাচনি এলাকার কৃষক, শ্রমিক ও চিনিকলের সঙ্গে সংশ্লিষ্ট কারও যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মুজিবুর রহমান, যুগ্মসচিব সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। এর আগে এমপি মিলন চিনিকলের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। পরে উদ্বোধনী আলোচনা সভায় আখচাষিদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।