ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, November 5, 2026 - 9:58 pm

স্টাফ রিপোর্টার: উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ভিইউ সাইফিউশন ২০২৬ ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পর্যায়ের এই বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সকাল ৯টা ৫০ মিনিটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।

এ সময় প্রকৌশল স্কুলের ডিন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের ডিন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের কনভেনর ড. মোসা: হাজেরা খাতুন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান এবং সায়েন্স ক্লাবের উপদেষ্টা উম্মে সালমা নাহিদা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয় ‘আইকিউ বেজড কুইজ কম্পিটিশন’, যেখানে শিক্ষার্থীরা বুদ্ধিমত্তা ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে আয়োজিত ‘পোস্টার প্রেজেন্টিং’ পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা ও সায়েন্টিফিক মডেল পোস্টারের মাধ্যমে উপস্থাপন করেন।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয় ‘প্রজেক্ট শোকেসিং’ এবং ‘সায়েন্টিফিক ফটোগ্রাফি কনটেস্ট’। প্রজেক্ট শোকেসিং পর্বে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয় এবং ফটোগ্রাফি প্রতিযোগিতায় স্থিরচিত্রের মাধ্যমে প্রকৃতির বিজ্ঞানসম্মত রূপ তুলে ধরা হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী করে গড়ে তোলাই এই জাতীয় আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।