ঢাকা | নভেম্বর ৬, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

পুলিশের বিশেষ অভিযানে ১৭৫ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

  • আপডেট: Thursday, November 5, 2026 - 9:56 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে অপরাধীদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি দেশীয় অস্ত্র (বার্মিজ চাকু) উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় সর্বমোট ১৪৫টি অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে নিয়মিত মামলার পাশাপাশি দস্যুতার ১টি, চুরির ১টি, নারী ও শিশু নির্যাতনের ৪টি এবং অন্যান্য অপরাধে ৬২টিসহ মোট ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

এ সময়ে ১টি অপমৃত্যুর ঘটনা রেকর্ড করা হলেও কোনো খুন, ডাকাতি বা সাইবার অপরাধের মামলা হয়নি। গ্রেপ্তারকৃত ১৭৫ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৯০ জন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলার ৮৩ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় ২ জন রয়েছেন। এছাড়া মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশি অভিযানে ১টি বার্মিজ চাকুর পাশাপাশি ২.৮৫ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টাডল, ২.৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, ১ কেজি গাঁজার গাছ ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৪ জন নাগরিক সরাসরি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসের প্রথম পাঁচ দিনেই রেঞ্জজুড়ে মোট ৩ হাজার ৭ জন সাধারণ মানুষ থানা থেকে বিভিন্ন আইনি সেবা লাভ করেছেন।