ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:39 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো:  সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ, কে, এম, শাহাব উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, ডেঙ্গু রোগটি মূলত ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে কয়েক বছর আগে আমাদের দেশে সংক্রমিত হয়।

পরবর্তীতে ঢাকা থেকে ট্রেন, বাস এবং যাতায়াতকারী মানুষের মাধ্যমে এই রোগ ও এডিস মশা চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়ে। বর্তমানে সদর উপজেলার চরবাগডাঙ্গা, ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুরের দূরবর্তী ইউনিয়নগুলোতে ঢাকা ফেরত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গত বছর প্রায় ২ হাজার ডেঙ্গু রোগী থাকলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। বছরের শুরুতে সংক্রমণ কেবল মসজিদপাড়া, মিস্ত্রিপাড়া, বালুবাগান ও চাকলা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা পুরো পৌর ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আজাইপুর ও আরামবাগের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের কীটতত্ত্ব বিশেষজ্ঞ আব্দুল বারী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক সোমা রায় এবং চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস। অনুষ্ঠানে নারী, পুরুষসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।