ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

নর্থ বেঙ্গল সুগার মিলে চিনি উৎপাদনের লক্ষ্য ১১ হাজার ৭০০ টন

  • আপডেট: Thursday, October 29, 2026 - 10:44 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু হচ্ছে শুক্রবার। বিকেল সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধন করবেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। এ মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল জানান, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল সুগার মিলস দেশের চিনি শিল্পের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। চলতি মৌসুমে ৬ দশমিক ৫০ শতাংশ রিকভারিতে চিনি উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। অর্থাৎ, আখ থেকে চিনি আহরণের হার বিবেচনায় নিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে এ মিলে ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল। সেই তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৮ মেট্রিক টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৪৬ মেট্রিক টন বেশি ধরা হয়েছে।

মিল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কৃষকদের জন্য আখের দামও বাড়ানো হয়েছে। প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলের আওতাধীন এলাকায় আখ চাষে যুক্ত প্রায় ১৫ হাজার কৃষকের মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের নিজ নিজ হিসাবে এ অর্থ পাঠানো হয়েছে। কৃষিনির্ভর এ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বহু আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ী। চিনিকলটির উৎপাদন কার্যক্রমের ওপর তাঁদের জীবিকা নির্ভর করে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, প্রতি মৌসুমে কমছে আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা। ২০২৪-২৫ মৌসুমে ২ লাখ মে. টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সে মৌসুমে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৮০ শতাংশ হারে ১১ হাজার ৩৫০ মে. টন চিনি উৎপাদিত হয়েছিল।

২০২৫-২৬ মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত  ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।