বাগমারায় অবৈধ পুকুর খনন, দুইজনকে জেল-জরিমানা
বাগমারা প্রতিনিধি: বাগমারার তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিলে ও নুরপুর সোলাকুড়ি বিলে অভিযান চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
বুধবার দুপুরে অভিযান পরিচালনার সময় ফসলি জমিতে পুকুর খনন কাজে জড়িত থাকার দায়ে স্পটেই দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হওয়া শফিকুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আব্দুস সালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, সম্প্রতি তাহেরপুর পৌরসভার মথুরাপুর বিলে ও নুরপুর সোলাকুড়ি বিলে কৃষকদের সম্মতিতে কয়েকজন ব্যক্তি ফসলি জমিতে পুকুর খনন কাজ শুরু করেন। কিন্তু শুরু থেকেই এলাকার একটি পক্ষ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছিলেন।
ওইসব অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে সরাসরি অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ফসলি জমিতে পুকুর খনন কাজে জড়িত থাকার দায়ে স্পটেই শফিকুল ইসলাম ও আব্দুস সালাম নামে দুইজনকে আটক করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক হওয়া শফিকুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আর আব্দুস সালামের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলে তাৎক্ষণিক ভাবে তিনি জরিমানার টাকা পরিশোধ করেন।
এসিল্যান্ড আরো জানান, মন্ত্রণালয়ের অনুমোতি ছাড়া কৃষি জমিতে কাউকেই অবৈধভাবে পুকুর খননের সুযোগ দেয়া হবে না। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এখন থেকে দিনে ও রাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।









