ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

বিভাগীয় প্রশাসনের দুই সভা: উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশ ও বইমেলার প্রস্তুতি

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একই দিনে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করার বার্তা দেওয়ার পাশাপাশি আসন্ন বিভাগীয় বইমেলার জমকালো প্রস্তুতির কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন।

মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে একই দিন বিকেলে সম্মেলন কক্ষে আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

সকালে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগ তদারকি এবং সেবামূলক কার্যক্রমে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি চলমান প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

সভায় জানানো হয়, ঢাকা-রাজশাহী মহাসড়কে সড়ক নিরাপত্তা প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং সমাজসেবা দপ্তরের অধীনে রাজশাহী ও বগুড়া শিশু পরিবারের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে। এ ছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৬৫ হাজার পরিবারের তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে, রেশম শিল্পে দুই লাখ তুঁতচারা রোপণের পাশাপাশি ১০টি নতুন তাঁত চালু করা হয়েছে এবং বাজার তদারকিতে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একাধিক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও ঠিকানা পরিবর্তনের জন্য ৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলেও জানানো হয়। এদিকে বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন নামকরা প্রকাশনা সংস্থার মোট ৮৯টি স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এবং লিখিত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন। ২৯ অক্টোবর বিকেল তিনটায় প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

আগামী ৬ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার। মেলা প্রতিদিন কর্মদিবসে দুপুর তিনটা থেকে রাত আটটা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।