ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম

বাগমারায় অচল অ্যাম্বুলেন্স সচল করে চাবি হস্তান্তর

  • আপডেট: Friday, October 23, 2026 - 9:49 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অচল অ্যাম্বুলেন্স সচল করে হাসপাতালে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

শুক্রবার দুপুরে তিনি সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এই অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন চালকের হাতে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুন নাহার, এমওডিসি ডাক্তার ইউনুছ আলী ও স্টোর কিপার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সোবহান, গোয়ালকান্দি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছমির উদ্দিন, মাস্টার ইউসুফ আলী, প্রভাষক দুলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন. ভবানীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতিকুর রহমান জর্জ, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও ছাত্রদল নেতা রাকিব হোসেন সহ আরো অনেকে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডা. শঙ্কর কুমার বিশ্বাস দাবি করেছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি রোগী বহনের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। অ্যাম্বুলেন্সটি সচল করতে প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। তার এই বক্তব্যের মাঝেই উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন সম্পন্ন নিজ খরচে অচল অ্যাম্বুলেন্সটি সচল করতে মেরামতের ঘোষণা দেন।