ভোলাহাটে ডাকাতের হামলায় ৪ বন্ধু আহত, মোটরসাইকেল ছিনতাই
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত দলের হামলায় ৪ বন্ধু আহত হয়েছেন। এ সময় তাঁদের একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার তালপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হল জেলার ভোলাহাট উপজেলার ঝাউবোনা এলাকার হাবিব (১৯), রোহান (১৯), হাসিব (২০) ও মোবাচ্ছের (১৯)।
ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান, সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে চার বন্ধু ভোলাহাট-শিবগঞ্জ রাস্তার তালতলি বিলে বেড়াতে যাওয়ার সময় তালপল্লি এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাঁদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় ধারালো অস্ত্র হাসুয়া ও বাঁশ দিয়ে দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে চার বন্ধু আহত হন। পরে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
তিনি আরও জানান,‘খবর পেয়ে বিলের রাস্তায় চেকপোস্ট ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁদের মধ্যে হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
ওসি আরও জানান, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।’ এদিকে, তালপল্লি এলাকায় এমন হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।











