ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম

‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করে গ্রেপ্তার আবু বকর কারাগারে

  • আপডেট: Friday, October 23, 2026 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

তিনি জানান, পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এর আগে গত বুধবার গভীর রাতে রাজশাহীর পবা উপজেলার কচুয়াতৈল এলাকার বাসা থেকে আবু বকরকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাসের একটি ছবি ফেসবুকে পোস্ট করে একটি পেজ। সেই পোস্টের কমেন্ট বক্সে আবু বকর লেখেন, “ইস একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।” মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে শনাক্ত করে ঢাকা থেকে গিয়ে গ্রেপ্তার করে।

সোনালী/জগদীশ রবিদাস