ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

নন্দনগাছী রেলস্টেশনে এমপি চাঁদ: ‘রেলসেবাকে আরও আধুনিক করা হবে’

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:33 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, রেলসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এ সংস্কার কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, নন্দনগাছী রেলস্টেশনটি এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে স্টেশনটির বিভিন্ন সমস্যা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা তুলে ধরে আসছিলেন। স্টেশনটির সংস্কারের মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত হবে এবং এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ হবে।

তিনি বলেন, নন্দনগাছী রেলস্টেশনের উন্নয়ন শুধু একটি স্টেশনের উন্নয়ন নয়; এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগ। রেলসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, নন্দনগাছী বাজার কমিটির সভাপতি আব্দুল খালেকসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর গত ৫ অক্টোবর নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রথম যাত্রীবাহী ট্রেন থামে। এর মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। এরপরই স্টেশনটির সংস্কার কাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস