ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

শিরোনাম

বিশ্বখ্যাত অ্যামাজনে রুয়েটের সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:09 pm

রুয়েট প্রতিনিধি: বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’-এ (এডব্লিউএস) প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। প্রতিষ্ঠানটিতে তিনি ‘নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং’ (এনডিটি) প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আকিব রুয়েটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে ‘দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা’ থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেন আকিব। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। গবেষণায় যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করলেন এই তরুণ।

রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে ‘এফএএএনজি’ ভুক্ত কোনো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে আকিবের এই নিয়োগকে বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ধরনের অর্জন ও মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রকৌশল শিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি ও গবেষণার সমন্বয়ে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে আকিব জাবেদের এই সাফল্য রুয়েটের পাশাপাশি বাংলাদেশের সার্বিক প্রকৌশল শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সোনালী/জগদীশ রবিদাস