ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাইবার সুরক্ষা বিষয়ক সভা

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অনলাইনে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে সাইবার সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের আওতায় রাজশাহী কোয়ালিশন টিমের আয়োজনে মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট সৈয়দা শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়জুল কবির। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (পিপিএম) মোহাম্মদ গাজিউর রহমান এবং বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে নারীর প্রতি সহিংসতার ধরন ও কৌশল পরিবর্তিত হচ্ছে। অনলাইনে হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্য কিংবা ছবি ছড়িয়ে দেওয়ার মতো সাইবার অপরাধ নারীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এসব প্রতিরোধে নারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন করার পাশাপাশি দ্রুত আইনি সহায়তা ও প্রতিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও উল্লেখ করেন, নারী ও কিশোরীদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসন, নাগরিক সমাজ, গণমাধ্যম, আইনজীবী, এনজিও এবং নারী অধিকারকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী কোয়ালিশনের মেন্টর প্রমিলা কিস্কু, সদস্য অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, রাজকুমার শাও, আলিমা খাতুন লিমা, মেরিনা হাঁসদা, সুইটি ইয়াসমিন, সম্রাট রায়হান ও জুলফিকার আলী হায়দারসহ পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস