ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

সাব্বিরের ফিফটি, ড্রয়ে শেষ রাজশাহী-চট্টগ্রাম ম্যাচ

  • আপডেট: Tuesday, October 6, 2026 - 11:12 pm

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে সাব্বির রহমানের দায়িত্বশীল হাফ সেঞ্চুরিতে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটি।

১৭ রানের লিড নিয়ে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী ৮ উইকেটে ২২৪ রান সংগ্রহ করার পর দুই দল ড্র মেনে নেয়। পুরো ম্যাচে চমৎকার বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চট্টগ্রামের স্পিনার হাসান মুরাদ।

তৃতীয় দিন শেষে ১৪ ওভারে ২ উইকেটে ৪৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল রাজশাহী। শেষ দিনে সাব্বিরের লড়াকু ফিফটিতে আরও ১৭৮ রান যোগ করে তারা। মিডল অর্ডারে ১১২ বলে দুটি চারের সাহায্যে দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন সাব্বির রহমান। প্রথম ইনিংসেও ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন তিনি।

দলীয় ইনিংসে অন্য ব্যাটারদের মধ্যে নাঈম আহমেদ ৪৭ ও প্রীতম কুমার ৩৭ রান করে অবদান রাখেন। শেষদিকে নিহাদ-উজ-জামান ১৫ ও আলী মোহাম্মদ ওয়ালিদ ১৭ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে স্পিনার আশরাফুল হাসান ও হাসান মুরাদ ৩টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ৪ উইকেটসহ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হাসান মুরাদ।

এর আগে টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬৪ রান সংগ্রহ করেছিল রাজশাহী বিভাগ। জবাবে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে দুই সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় (১০৫) ও সাদিকুর রহমানের (১১৫) দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯৩ রান তুলে ১৭ রানের লিড নিয়েছিল।