ঢাকা | অক্টোবর ৫, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট: Monday, October 5, 2026 - 10:53 pm

স্টাফ রিপোর্টার: “শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকরা মূখ্য দায়িত্ব পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে তাঁদের উপযুক্ত মর্যাদা ও সম্মান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও উল্লেখ করেন, মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ, শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং অনুকূল কর্মপরিবেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সার্বিক অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় বিশ্ব শিক্ষক দিবসের সার্বিক তাৎপর্য তুলে ধরে শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

সোনালী/জগদীশ রবিদাস