ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহীতে এলজিইডির বিশেষ অভিযান

  • আপডেট: Monday, October 5, 2026 - 11:07 pm

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজশাহীতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর এলজিইডি কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) রাজশাহী অফিসের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংসের লক্ষ্যে  বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশা নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। বিশেষ করে বাসাবাড়ি, অফিস, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমে থাকতে না দেয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান থেকে কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।