ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাবি ছাত্রীকে মধ্যরাতে ফোনে কুপ্রস্তাব, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: মোবাইল ফোনে কল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম খন্দকার সালমান হাসান মিম। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের সাবেক শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী ও সেশনসূত্রে জানা যায়, ওই যুবকের সঙ্গে ছাত্রীর সাবেক এক রুমমেটের প্রেমের সম্পর্ক ছিল, যার সূত্র ধরে পরিচয়। দুই দিন আগে রাজশাহীতে এসে ওই যুবক ছাত্রীকে মুঠোফোনে কল দেন।

পরবর্তীতে পরিচয় না দিয়ে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। বিষয়টি সহপাঠীদের জানালে কৌশলে যুবককে রাত দেড়টার দিকে ক্যাম্পাসে ডেকে আনা হয়। সেখানে তাঁকে সহপাঠীরা আটকে রেখে মারধর করেন।

পরবর্তীতে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে রাত সাড়ে ৫টার দিকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে ওই যুবককে হস্তান্তর করা হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী ছাত্রী এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

তবে অভিযুক্ত সালমান হাসান কুপ্রস্তাবের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তাঁর ফোন থেকে অন্য কেউ কলটি করে থাকতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুস সালাম জানান, ছেলেটি পুলিশের হেফাজতে রয়েছে এবং তার অভিভাবকের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সোনালী/জগদীশ রবিদাস