ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৭ জন

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারজিনা বেগম (৫৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই সময়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গণমাধ্যম মুখপাত্র ডা. শামীম আহমেদ। মৃত মারজিনা বেগম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ও পেশায় গৃহিণী ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে মারাত্মকভাবে আক্রান্ত হলে মারজিনা বেগমকে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া শনিবারের (৩ অক্টোবর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার পাশাপাশি চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৯ জন। বর্তমানে হাসপাতালটিতে সর্বমোট ১৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, “বর্তমানে হাসপাতালে ১৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা বেশি হলেও ডেঙ্গুতে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।”

সোনালী/জগদীশ রবিদাস