ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম

শব্দে-শব্দে অনুভূতির ছোঁয়া: কবি শামীমের কবিতা নিয়ে রাজশাহীতে সাহিত্য আড্ডা

  • আপডেট: Friday, October 2, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কবি শামীম হোসেনের কবিতা নিয়ে বিশেষ সাহিত্য আড্ডার আয়োজন করেছে সাহিত্য পত্রিকা ‘ডাকঘর’। গতকাল শুক্রবার বিকেল ৫টায় নগরীর বাটার মোড়স্থ পাণ্ডুলিপি বুক ক্যাফেতে এই আড্ডা অনুষ্ঠিত হয়।

রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান কবি দীপক দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আড্ডার মূল উপজীব্য ছিল—‘শামীম হোসেনের কবিতা: অন্যরকম মুগ্ধতা’ শীর্ষক আলোচনা ও কাব্যপাঠ। শিশুসাহিত্যিক ও ‘ডাকঘর’-এর সম্পাদক হাসনাত আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত কবি ও লেখকরা কবিকণ্ঠে কবিতা, ছড়া ও অণুগল্প পাঠ করেন।

অনুষ্ঠানে কবি শামীম হোসেনের কবিতা নিয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক, কবি ও কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান, কবি ও গল্পকার মঈন শেখ এবং তরুণ ভাষাচিত্রী সুবন্ত যায়েদ।

আলোচকরা বলেন, কবি শামীম হোসেন বাংলাদেশের সমকালীন সাহিত্যের এক সুপরিচিত ও স্বতন্ত্র কণ্ঠস্বর। আত্মমগ্ন এই কবির রচনাজগৎ মূলত মানুষের অন্তর্লোক, প্রকৃতির রূপ, প্রেম, স্মৃতি, সময়, ইতিহাস, জীবনসংগ্রাম ও অস্তিত্ববোধকে কেন্দ্র করে আবর্তিত।

তাঁর কবিতায় যেমন রয়েছে ভাষার সংযম ও নান্দনিকতা, তেমনই রয়েছে গভীর জীবনবোধ, প্রতীকী নির্মাণ ও চিত্রকল্পের অভিনব ব্যবহার। শব্দের প্রতি সচেতনতা, নির্মেদ প্রকাশভঙ্গি ও বিষয় নির্বাচনের বৈচিত্র্য তাঁকে সমকালীন বাংলা কবিতায় একটি স্বতন্ত্র অবস্থান এনে দিয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কাজী সুশমিন আফসানা ও কথাসাহিত্যিক মাসউদ আহমাদ। পঠিত লেখার ওপর দিকনির্দেশনামূলক আলোকপাত করেন কবি মোস্তাক রহমান ও শিশুসাহিত্যিক মাসুম আওয়াল। আড্ডায় কবি শামীম হোসেনের কবিতা আবৃত্তি করেন মনিরুজ্জামান উজ্জ্বল, সাবরিনা আফরিন, মালিহা তাসফিয়া রোদেলা, মহুয়া মল্লিক জেবা ও প্রগতি দে।

এ ছাড়া স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অংশ নেন কবি ওয়ালী উল ইসলাম, সরদার আবুল হাসান, রাব্বানী সরকার, সেঁজুতি রহমান, দীপালী রানী সরকার, সমতোষ রায়, সুফিয়া ডেইজি, আসমা উষা, আবদুল্লাহ আল বাকী, হাসিন এহসাস লগ্ন, মনিরুল ইসলাম মনি, জাকির হোসেন ও রুদ্র বারী। অনুষ্ঠানে অণুগল্প পাঠ করেন অর্ণব পাল সন্তু।

সোনালী/জগদীশ রবিদাস