ক্যান্সার আক্রান্ত বৃদ্ধের পাশে পুঠিয়ার এসিল্যান্ড
পুঠিয়া প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত অশীতিপর এক অসহায় বৃদ্ধের চলাচলের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত গাড়ির দুটি ব্যাটারি চুরি যাওয়ার ঘটনায় পাশে দাঁড়িয়েছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
বৃদ্ধের দুটি পা নেই। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় নিজের পায়ে চলাফেরা তো দূরের কথা, অন্যের সহায়তা ছাড়া দৈনন্দিন জীবনযাপনও তার জন্য কঠিন। ব্যাটারি চালিত বিশেষ গাড়িটিই ছিল তার চলাচলের প্রধান অবলম্বন। কিন্তু গত বৃগস্পতিবার রাতে দুর্বৃত্তরা গাড়িটির দুটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এতে চরম বিপাকে পড়েন অসহায় বৃদ্ধ।
বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ তাৎক্ষণিকভাবে বৃদ্ধটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। নতুন ব্যাটারি কিনে দিয়ে তাকে আবারও স্বাভাবিক ভাবে চলাফেরার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছেন তিনি।
এ বিষয়ে শিবু দাশ বলেন, “বৃদ্ধ মানুষটি ক্যান্সারে আক্রান্ত। তার দুটি পা নেই। নিজের চলাফেরার জন্য এই গাড়িটিই তার একমাত্র অবলম্বন। সেই গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ার খবরটি শুনে আমি সত্যিই ব্যথিত হয়েছি। একজন অসহায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম যেন বন্ধ হয়ে না যায়, সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” সে জন্য প্রয়োজনীয় ব্যাটারির ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। সামান্য সহযোগিতাও যদি তার কষ্ট কিছুটা কমাতে পারে, সেটিই হবে আমাদের জন্য বড় প্রাপ্তি।”
সোনালী/জগদীশ রবিদাস











