রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: দেশের সকল বিভাগে আয়োজনের ধারাবাহিকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং লালন বিশ্বসংঘের ব্যবস্থাপনায় রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে কবীর-লালন ভাবসংগীত উৎসব।
শুক্রবার সন্ধ্যায় নগরীর পদ্মা পাড়ের লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, লালন আমাদের মাটি, মানুষ ও মানবিকতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন মহান সাধক। তাঁর দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। লালনের গান ও দর্শন শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি আমাদের সমাজ ও জীবনবোধেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, কবীর ও লালনের দর্শনে সাম্য ও আত্মশুদ্ধির যে বার্তা রয়েছে, তা বর্তমান সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ সুদৃঢ় করতে বড় অনুপ্রেরণা জোগাবে। তরুণ প্রজন্মকে নিজেদের শেকড়ের সঙ্গে পরিচিত করতে এ ধরনের লোকসংস্কৃতিচর্চা বজায় রাখা প্রয়োজন। রাজশাহী শিক্ষা ও সংস্কৃতির নগরী হিসেবে এই ভাবসংগীত উৎসবের মাধ্যমে নগরীর সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ হলো।
বক্তব্যের একপর্যায়ে তিনি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ারও আহ্বান জানান। লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাহারুল ইসলাম।
বিএনপি নেতার কবর জিয়ারত:
এদিকে, কাাশিয়াডাঙ্গা থানা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার বাদ জুমা নগরীর রায়পাড়া বসরী গোরস্থানে উপস্থিত হয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হড়গ্রাম নূর-ই-আলা মসজিদের খতিব মো. আরিফুল ইসলাম।
এ সময় কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক টিপু, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলুসহ যুবনেতা আপেল, তানভীর, তুহিন, সালাম মনি, মিঠু ও আবিরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











