রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে এ চেক তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরী আমাদের সবার। এই নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নগরবাসীর সেবা করেছেন। সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিতকরণে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
রাসিকের সচিব সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি শেখ মামুন ডলার, অবসরপ্রাপ্ত ভান্ডার কর্মকর্তা আহসান হাবীব খোকন এবং রাসিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু বক্তব্য রাখেন।
এতে স্বাগত বক্তব্য দেন রাসিকের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানমঞ্চে রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাইদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সংস্থাটির সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











