ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম

রাবি রিসার্চ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন শুরু

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির উপযোগী উদ্ভাবনের তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পৃথক দুটি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এ অভিমত প্রকাশ করেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা।

রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু:

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘শেপিং দ্যা ফিউচার থ্রো এআই অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (আরইউআরএস)-এর দুই দিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাবি উপাচার্য অধ্যাপক  ফরিদুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন বলেন, উচ্চশিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে সরকার নানা কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে এআই জ্ঞান-বিজ্ঞানের অপরিহার্য অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উপযোগী উদ্ভাবন করাই এখন মেধার মূল পরিচয়। উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমের প্রশংসা করে বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও নবীন গবেষকদের এই উদ্যোগ অনুকরণীয়।

জ্বালানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত:

একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ‘দ্যা ক্লিন এনার্জি হরাইজন: এডভান্সিং পাওয়ার ইন্নোভেশন অ্যান্ড গ্রিন টেকনোলজিস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি) যৌথভাবে এ আয়োজন করে। আইকিউএসি পরিচালক অধ্যাপক আবু রেজার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মুহাম্মদ ওয়াহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। কারিগরি সেশনে বিইপিআরসির পরিচালক (উদ্ভাবন) ড. হাসান মাহমুদসহ অন্যান্য বিশেষজ্ঞরা পাওয়ার সেক্টরে উদ্ভাবন ও গ্রিন টেকনোলজির ওপর নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন।

আন্তঃবিভাগ ফুটবল খেলার সমাপনী:

এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে রাবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। ছেলেদের গ্রুপে ফাইন্যান্স বিভাগকে হারিয়ে অর্থনীতি বিভাগ এবং মেয়েদের গ্রুপে বাংলা বিভাগকে হারিয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

প্রতিযোগিতায় ছেলেদের গ্রুপে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং মেয়েদের গ্রুপে সমাজবিজ্ঞান বিভাগ ফেয়ার প্লে ট্রফি লাভ করে। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্যের জন্য অর্থনীতি বিভাগের মেহেদী হাসান এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের লিছা ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। সমাপনী অনুষ্ঠানে বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরাত-ই-জাহান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, কোষাধ্যক্ষ অধ্যাপক  মতিয়ার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।