ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর বেশিরভাগ ঢাকা থেকে আসা গার্মেন্টস কর্মী

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:17 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগই ঢাকার কোনাবাড়ী ও গাজীপুর এলাকার গার্মেন্টস কর্মী বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নুরুল আমীন।

অসুস্থ হওয়ার পর তারা সিরাজগঞ্জে নিজ এলাকায় ফিরে এসে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান তিনি। গত বুধবার একান্ত সাক্ষাৎকারে ডা. নুরুল আমীন এসব তথ্য জানান। তিনি বলেন, জেলার মধ্যে কাজীপুরে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকার কোনাবাড়ী ও গাজীপুর এলাকায় গার্মেন্টসে চাকরি করেন। অসুস্থ হয়ে তারা সিরাজগঞ্জে ফিরে এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি জনগণকে সচেতন করতে স্বাস্থ্য শিক্ষা দেয়া এবং লিফলেট বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে। আমরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করছি।

অন্যদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৫৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। ডেঙ্গু শনাক্তের দৈনিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুর লক্ষণ নিয়ে ১ হাজার ৮২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৯৩ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ১২৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস